চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসের যাত্রীদের চাপা দিয়েছে দ্রুতগতির একটি লরি। এতে ছয় বছরের এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয়জন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে মহাসড়কের বড় কুমিরা এলাকায় কিং অব কুমিরা কনভেনশন হলের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বাসটি চট্টগ্রাম থেকে নেত্রকোনার উদ্দেশে যাচ্ছিল। পথে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বাসটি মহাসড়কের পাশে থামানো হয়। এ সময় বাসের যাত্রীরা নেমে সড়কের পাশে অবস্থান করছিলেন। তখন ঢাকামুখী দ্রুতগতির একটি লরি তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। বাকি একজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিসের কুমিরা স্টেশনের ফাইটার মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রীবাহী বাসটি সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। বাসটি মেরামতের সময় যাত্রীরা নেমে পাশে অবস্থান করছিলেন। এ সময় ঢাকামুখী একটি লরি তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। আহতদের হাসপাতালে নেওয়া হলে আরও দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নিহতদের মধ্যে নেত্রকোনার ছয় বছর বয়সী শিশু ইব্রাহিম ও স্বপ্না নামের এক নারীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। অন্য নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Leave a Reply