সনাতনী নিউজ ডেস্ক
প্রচণ্ড রোদে লাইনে দাঁড়িয়ে এক মায়ের লড়াই—ছেলের জীবিকা বাঁচাতে পেট্রোলের জন্য দুই দিন অপেক্ষা
সাতক্ষীরার শ্যামনগরের মুন্সিগঞ্জের ডেমলা ফিলিং স্টেশনে দেখা গেল হৃদয়স্পর্শী এক দৃশ্য। ছেলের মোটরসাইকেলের জন্য পেট্রোল সংগ্রহ করতে তীব্র গরম উপেক্ষা করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন এক মা—বিথিকা রানী বৈদ্য।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তিনি জানান, তার ছেলে সাগর বৈদ্য মোটরসাইকেল চালানো ও কৃষিকাজ করে সংসার চালায়। সময়মতো তেল না পাওয়ায় ছেলে কাজে চলে গেছে, তাই মাকেই দায়িত্ব নিতে হয়েছে। টানা দুই দিন ধরে লাইনে দাঁড়িয়ে থেকেও এখনো নিশ্চিত নন, কবে মিলবে কাঙ্ক্ষিত পেট্রোল।
স্থানীয় সূত্রে জানা যায়, জ্বালানি সংকটের কারণে টানা পাঁচ দিন বন্ধ থাকার পর ওই ফিলিং স্টেশনে তেল সরবরাহ পুনরায় শুরু হয়। এর আগে বুড়িগোয়ালিনী ইউনিয়নে তেল বিতরণকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হলে স্থানীয় প্রভাবশালীদের হাতে মারধরের শিকার হন স্টেশনের ম্যানেজার। প্রতিবাদে কর্তৃপক্ষ তেল সরবরাহ বন্ধ রাখে। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে ইউনিয়নভিত্তিক বিতরণের সিদ্ধান্তে কার্যক্রম চালু হয়।
বিথিকা রানী বৈদ্যের অভিযোগ, সকালে চাকরিজীবীদের অগ্রাধিকার দিয়ে তেল দেওয়া হয়েছে। এরপর সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে থাকলেও, নিয়ম না মেনেই কিছু প্রভাবশালী ব্যক্তিকে তেল দেওয়া হচ্ছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা শত শত মানুষের মতো তিনিও অপেক্ষা করছেন—কখন আসবে তার পালা।
Leave a Reply