সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানিপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত খালেদা আক্তার দড়ানিপাড়া গ্রামের মৃত মনিরুল হকের মেয়ে এবং মঞ্জুরুল আলম টিটু একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে। সম্পর্কে তারা ফুফু-ভাতিজা।
স্থানীয়রা জানান, পৈত্রিক জমি সংক্রান্ত বিষয়ে খালেদা আক্তারের সঙ্গে তার ভাই আবু মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। সোমবার বিকেলে খালেদা বাবার বাড়িতে এসে ভাইয়ের কাছে সম্পত্তির ভাগ দাবি করলে তাদের মধ্যে বাগবিতণ্ডা তৈরি হয়। একপর্যায়ে আবু মিয়া ধারালো অস্ত্র দিয়ে তার বোনকে কোপাতে থাকেন। তা দেখে খালেদার আরেক ভাই বাচ্চু মিয়ার ছেলে টিটু ফুফুকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও কোপাতে থাকেন আবু মিয়া। পরে দুজনকে গুরুতর আহত অবস্থায় পার্শ্ববর্তী দাউদকান্দি উপজেলার গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
গৌরীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা হাবিবুর রহমান জানান, তাদেরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। দুজনের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাশরুরুল হক বলেন, ‘দুজন নিহতের ঘটনা শুনেই ঘটনাস্থলে গিয়েছিলাম। তদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছে না।’
Leave a Reply