ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে জেসি চৌধুরী (১৮) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে। এতে লেখা ছিল, ‘সবে আমারে মাফ করে দিও। আমি মানসিক কষ্ট আর নিতে পারছি না।’
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের নারায়ণক্ষেত্র গ্রামে এ ঘটনা ঘটে। জেসি ওই গ্রামের জামাল চৌধুরী ও রুবি বেগমের মেয়ে।
পরিবারের সদস্যরা সকালে ঘরের ভেতর জেসিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তারা স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমদ তরফদার এবং কমলগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
জেসির চাচা কামাল হোসেন চৌধুরী জানান, সকালে ঘুম থেকে ওঠার পর জেসি স্বাভাবিকভাবেই দৈনন্দিন কাজ করছিলেন। পরে পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়।
কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাজিব রায় বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
Leave a Reply