1. admin@sanataninews24.com : admin :
       
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

শিক্ষার্থীদের দাবি মেনে চলমান পরীক্ষা নেবার ঘোষণা আন্দোলনরত ববি শিক্ষকদের

  • প্রকাশিত সময় শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ২১ বার পড়েছেন

শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে চলমান পরীক্ষাগুলো নেবার ঘোষণা দিয়েছেন পদোন্নতির দাবিতে আন্দোলনরত বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষকেরা। গতকাল বৃহস্পতিবার সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভার পর এ সিদ্ধান্তের কথা জানান তারা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন ।

বিবৃতিতে শিক্ষকেরা বলেন, ‘আমরা, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ, ২০ এপ্রিল সিদ্ধান্ত অনুযায়ী ২২ তারিখ থেকে বিশ্ববিদ্যালয়ের সংবিধি-অনুগ কার্যক্রম বিষয়ে ইউজিসির এক পত্রের মাধ্যমে উদ্ভূত সংকট থেকে উত্তরণের লক্ষ্যে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ কর্তৃক যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিতে একাডেমিক শাটডাউন কার্যক্রম পালন করছি। বৃহস্পতিবার এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে তাদের অনুরোধে শিক্ষকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় শিক্ষার্থীবৃন্দ বলেছে তারা শিক্ষকসমাজের দাবির সাথে একমত।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘তবে ইউজিসির উপরোক্ত পত্রের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান চলমান পরীক্ষা ও শিক্ষা কার্যক্রমের বৈধতা প্রশ্নবিদ্ধ জেনেও সভায় সাধারণ শিক্ষার্থীরা শিক্ষক সমাজকে সনির্বন্ধ অনুরোধ করেছে শুধু চলমান পরীক্ষাগুলো চালিয়ে নেয়ার জন্য। তবে চলমান পরীক্ষা কার্যক্রম চূড়ান্তভাবে অবৈধ বিবেচিত হলে তার দায় শিক্ষকরা বহন করবে না এই শর্তে চলমান সেমিস্টার ফাইনাল ও বর্ষ ফাইনাল পরীক্ষাগুলোর ক্ষেত্রে যেগুলোর অন্তত একটি কোর্সের পরীক্ষা ইতোমধ্যে নেয়া হয়েছে সেগুলোর বাকি কোর্সসমূহের পরীক্ষা আগামী রবিবার থেকে নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’

একই সঙ্গে শিক্ষকেরা জানিয়েছেন, চলমান পরীক্ষার বাইরে অন্য সকল একাডেমিক কার্যক্রম আগের মতোই একাডেমিক শাটডাউনের আওতায় থাকবে। দাবি পূরণ না হলে আগামী মঙ্গলবার থেকে একাডেমিক শাটডাউনের পাশাপাশি আরও কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host