সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের একটি বসতঘর থেকে এক মা ও তার পাঁচ বছর বয়সী মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন চম্পা রাণী দাশ (৩৫) ও তার মেয়ে হৃদি রাণী দাশ (৫)। চম্পা রাণী জকিগঞ্জ উপজেলার শাহগলী বাজারের জুয়েলারি ব্যবসায়ী রতন দাশের স্ত্রী। তিনি গর্ভবতী ছিলেন বলেও পারিবারিক সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে নিজ বাড়ির একটি কক্ষে মা ও মেয়ের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।
নিহতদের স্বজন ও রতন দাশের চাচাতো ভাই সজল দাশ জানান, কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে তা তারা নিশ্চিতভাবে বলতে পারছেন না। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্তের অপেক্ষায় রয়েছেন তারা।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
তিনি আরও জানান, তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ঘটনাটির প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply