নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১ নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ পুল সংলগ্ন পাগলা বাড়ির মোড় এলাকা থেকে তপন শীল (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জ পুল পাগলা বাড়ি এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত তপন শীল চট্টগ্রাম জেলার বাসিন্দা। তিনি সিদ্ধিরগঞ্জের আলামিন নগর এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং স্থানীয় একটি সেলুনে নরসুন্দর হিসেবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে গত বুধবার রাতে স্ত্রীর সঙ্গে তপন শীলের তুমুল ঝগড়া হয়। ঝগড়ার পর তিনি রাগ করে বাসা থেকে বের হয়ে যান এবং রাতে আর ফিরেননি। পরদিন সকালে স্থানীয়রা পাগলা বাড়ির মোড় এলাকায় তাঁর মরদেহ দেখতে পান।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এমদাদুল হক জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে এবং নিহতের স্ত্রীকে খবর দেওয়া হয়েছে।
ওসি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের প্রাথমিক তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Leave a Reply