বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তার স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনায় রোগীর ছয় স্বজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে হাসপাতালের সপ্তম তলার মেডিসিন ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
সংঘর্ষের পর নিজেদের নিরাপত্তাসহ কয়েকটি দাবিতে রাত ১২টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকেরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, জ্যেষ্ঠ ও মিড লেভেলের চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসাসেবা চালু রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বগুড়া শহরের রাজাপুর এলাকার বাসিন্দা আব্দুল মালেক অ্যাজমা জটিলতা নিয়ে শজিমেক হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার রাতে তিনি মারা যান।
তার স্বজনদের অভিযোগ, একজন ইন্টার্ন চিকিৎসকের দেওয়া ভুল ইনজেকশনের কারণে তার মৃত্যু হয়েছে। এ নিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তাদের সঙ্গে থাকা কয়েকজন বহিরাগত তিনজন ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা চালান বলে অভিযোগ চিকিৎসকদের।
Leave a Reply