প্রতিনিধি: স্বরুপ বিশ্বাস যশোর
যশোরের বেনাপোল পোর্ট থানাধীন হরিণাপোতা গ্রামের একটি মাঠ থেকে ইউনুছ হোসেন (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে স্থানীয়রা মাঠে কাজ করতে গিয়ে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। নিহত ইউনুছ স্থানীয় ছোট আঁচড়া গ্রামের মোস্তাব আলীর ছেলে। পেশায় তিনি আমদানিকৃত পণ্যবাহী গাড়ির স্কট হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হরিণাপোতা গ্রামের পাশের মাঠে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা চিৎকার শুরু করেন। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের গ্রামের মানুষ ভিড় জমায়। পরে বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের ভাই ইউসুফ অভিযোগ করে বলেন, ইউনুছের সঙ্গে তার স্ত্রী তাসলিমার পারিবারিক কলহ চলছিল। এক পর্যায়ে তাদের বিবাহবিচ্ছেদ হলেও পরবর্তীতে তাসলিমা আবারও ইউনুছের সংসারে ফিরে আসেন। ইউসুফের ধারণা, তাসলিমা অন্য কারো সঙ্গে যোগসাজশ করে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তবে এটি হত্যাকাণ্ড কি না বা কারা এর সঙ্গে জড়িত, তা ময়নাতদন্ত ও সঠিক তদন্ত ছাড়া নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিষয়টি পুলিশ অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে।
Leave a Reply