চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা গ্রামে ইউপি সদস্য প্রবীর ভট্টাচার্যের বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। এ সময় তাঁর চাচা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বাবুল ভট্টাচার্যকে (৭৮) হাত-পা বেঁধে রড দিয়ে মারধর করে গুরুতর আহত করার অভিযোগও পাওয়া গেছে।
বুধবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীদের ভাষ্য, প্রবীর ভট্টাচার্যের মেয়ে সন্তান প্রসবের জন্য চট্টগ্রাম নগরের একটি ক্লিনিকে ভর্তি থাকায় পরিবারের অন্য সদস্যরাও সেখানে অবস্থান করছিলেন। এ সুযোগে রাতের বেলায় সাত থেকে আটজন মুখোশধারী অস্ত্রধারী ব্যক্তি বাড়ির তালা ভেঙে প্রবেশের চেষ্টা করে।
বিষয়টি দেখতে পেয়ে প্রবীরের চাচা বাবুল ভট্টাচার্য বাইরে বের হলে ডাকাতেরা তাঁকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তাঁকে প্রবীরের ঘরে নিয়ে রশি দিয়ে বেঁধে রড দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ।
প্রবীর ভট্টাচার্য জানান, ডাকাতেরা তাঁর ঘরের আলমারি ভেঙে প্রায় ছয় ভরি স্বর্ণালংকার ও সাড়ে সাত লাখ টাকা নিয়ে গেছে। এর মধ্যে জমি কেনার জন্য দুই দিন আগে ব্যাংক থেকে তোলা চার লাখ টাকাও ছিল।
অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বাবুল ভট্টাচার্য বলেন, রাতে উঠানে বের হয়ে তিনি সাত থেকে আটজন অস্ত্রধারীকে দেখতে পান। কিছু বুঝে ওঠার আগেই তাঁকে জিম্মি করে মারধর করা হয়। ডাকাতেরা সবাই মুখোশ পরা ছিল বলেও জানান তিনি।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সামা বিনতে সফিউল জানান, ভোরে বাবুল নামে একজন মারধরে আহত ব্যক্তি চিকিৎসা নিতে আসেন। তাঁর মাথায় আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ঘটনাটি চুরি বলে মনে হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
Leave a Reply