নিজস্ব প্রতিবেদক, যশোর:
ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫তম আবির্ভাব তিথি ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে যশোরে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৮টায় সরকারি মাইকেল মধুসূদন কলেজের কলা ভবনের ২১৩ নম্বর কক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
সনাতন শিক্ষার্থী সংসদ, সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যশোর শাখার উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তিনটি বিভাগে অংশগ্রহণ করতে পারবেন। ক বিভাগে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেবে। এ বিভাগের প্রতিযোগীদের ইচ্ছানুযায়ী শ্লোক নির্বাচন করার সুযোগ থাকছে।
খ বিভাগে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য নির্ধারিত হয়েছে শ্রীমদ্ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ের ৭ ও ৮ নম্বর শ্লোক। আর গ বিভাগে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ষষ্ঠ অধ্যায়ের ৩২ নম্বর এবং নবম অধ্যায়ের ৩৪ নম্বর শ্লোক নির্ধারণ করা হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহীদের আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে নাম নিবন্ধন করতে হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্ধারিত শ্লোক আগে থেকেই ভালোভাবে প্রস্তুত করার আহ্বান জানানো হয়েছে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং শাস্ত্রীয় জ্ঞানচর্চার প্রতি আগ্রহ বাড়ানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
প্রতিযোগিতা-সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আয়োজকদের দেওয়া নম্বর ০১৭৭৬-৫৭৮০১৭ ও ০১৮০৫-২১৩৩৯০-এ যোগাযোগ করতে বলা হয়েছে।
Leave a Reply