ঢাকা প্রতিনিধি: রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের অভিযোগে গণধোলাইয়ের শিকার এক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তবে নিহতের নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
সোমবার (২৫ আগস্ট) বিকেল ৩টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তার পাশে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা পথচারীদের একজন জানান, যাত্রাবাড়ী চৌরাস্তার পাশে এক নারীর কানের দুল টান দিয়ে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরে পালিয়ে যাওয়ার সময় পথচারীরা তাকে আটক করে গণধোলাই দেন। এতে তিনি গুরুতর আহত হন। একপর্যায়ে কয়েকজন পথচারী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, গণধোলাইয়ের খবর পেয়ে হাসপাতালে গিয়ে ওই ব্যক্তির মরদেহ পাওয়া যায়। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
এসআই রফিকুল ইসলাম বলেন, নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তাকে দেখে মাদকাসক্ত বলে ধারণা করা হলেও বিষয়টি নিশ্চিত নয়। হাসপাতালে তার সঙ্গে কোনো স্বজনকেও পাওয়া যায়নি। ছিনতাইয়ের ঘটনা সত্যিই ঘটেছিল কি না, সেটিও এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে গণধোলাইয়ের পর তাকে যাত্রাবাড়ী চৌরাস্তার পাবলিক টয়লেটের পাশে ফেলে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় পথচারী ইসরাফিল (২৫) এবং ভোলায় কর্মরত আনসার সদস্য সবুজ হাওলাদারকে (৩০) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ইসরাফিল ও সবুজ হাওলাদার জানান, তারা আহত অবস্থায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
Leave a Reply