আফগানিস্তানের সাম্প্রতিক জয়ে নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশকে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে খেলতে হচ্ছে না। সরাসরিই বিশ্বকাপে জায়গা করে নিয়েছে লিটন দাসের দল। অন্যদিকে, টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজকে।
চলতি বছরের ৩০ সেপ্টেম্বর আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপে জায়গা পাবে। এই তালিকায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে যুক্ত হলে সরাসরি অংশগ্রহণকারী দলের সংখ্যা দাঁড়াবে দশে। আয়ারল্যান্ডের বিপক্ষে বেলফাস্টে গত রাতে ৩ উইকেটের রোমাঞ্চকর জয় তুলে নেওয়ার পর আফগানিস্তানেরও বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়ে যায়। ক্রিকইনফো জানায়, তাদের সঙ্গে সরাসরি খেলবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে।
বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের র্যাঙ্কিং দশ নম্বরে। নির্ধারিত সময়ের মধ্যে ভারতের বিপক্ষে তাদের দুটি ওয়ানডে ম্যাচ বাকি থাকলেও, দুটি ম্যাচ জিতলেও তারা শীর্ষ আটে প্রবেশ করতে পারবে না। ফলে তাদের আবারও বাছাইপর্ব খেলতে হবে, যা আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। ২০২৩ বিশ্বকাপেও সরাসরি জায়গা না পেয়ে উইন্ডিজকে বাছাইপর্ব খেলতে হয়েছিল এবং সুপার সিক্সে পঞ্চম হয়ে তারা মূল পর্ব থেকেই বাদ পড়েছিল। এর ফলে তারা ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিও খেলতে পারেনি।
আসন্ন বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল সরাসরি ২০২৭ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে জায়গা পাবে। এছাড়া বাছাইপর্বে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ হওয়া দল খেলবে প্রথম রাউন্ডে, যার নাম দেওয়া হয়েছে ‘সুপার সিরিজ’। এই তিন দলের মধ্যে সেরা দল দ্বিতীয় রাউন্ডে উন্নীত হবে। নতুন এই নিয়মটি নিয়ে সহযোগী দেশগুলোর মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।
বাছাইপর্বে অংশ নেবে ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বরের র্যাঙ্কিংয়ে সবচেয়ে নিচের দুই টেস্ট খেলুড়ে দেশ- আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। তাদের সঙ্গে ক্রিকেট বিশ্বকাপ লিগ টু থেকে সেরা চার দল এবং বিশ্বকাপ কোয়ালিফায়ার প্লে-অফ থেকে সেরা চার দল বাছাইপর্বে লড়বে। এই প্লে-অফে অংশ নেবে লিগ টুর সবচেয়ে নিচের চার দল এবং চ্যালেঞ্জ লিগের চার দল। ক্রিকেটের তৃতীয় স্তর খ্যাত চ্যালেঞ্জ লিগে মোট ১২টি দল দুটি ভাগে বিভক্ত হয়ে তিনটি করে রাউন্ড রবিন টুর্নামেন্ট খেলবে এবং প্রতি ভাগ থেকে সেরা দুই দল কোয়ালিফায়ার প্লে-অফে জায়গা পাবে।
Leave a Reply