রাঙামাটির কাপ্তাইয়ে খেলতে গিয়ে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ হয়ে আর্দশী তনচংগ্যা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার (৩ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের পাগলি উপরপাড়া এলাকায় নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আর্দশী তনচংগ্যা স্থানীয় বাসিন্দা তপন বিকাশ তনচংগ্যার মেয়ে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, প্রতিদিনের মতো আর্দশী ঘরে গামছা দিয়ে তৈরি একটি দোলনায় খেলছিল। এ সময় তার বাবা-মা জুম চাষের কাজে বাড়ির বাইরে ছিলেন। খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত গামছাটি তার গলায় পেঁচিয়ে গেলে শ্বাসরুদ্ধ হয়ে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
পরে তার বড় বোন বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় দ্রুত কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইলা অং মারমা জানান, সন্ধ্যা ৬টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায়, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
Leave a Reply