যশোরে র্যাব, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে মোট ৯ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা হয়েছে।
র্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্প সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের শংকরপুর সন্ন্যাসী বটতলা এলাকায় অভিযান চালিয়ে ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করা হয়। আটকরা হলেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামের মোহন হোসেনের ছেলে সাকিবুল হাসান (২৭) এবং যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার শহীদ মিয়ার ছেলে মিরাজ হোসেন (২১)। একই রাতে রাত ৯টার দিকে চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই মিজবা উদ্দিন সদর উপজেলার তেঘরি গ্রামে অভিযান চালিয়ে ৫২ পুরিয়া গাঁজাসহ রাহিদ মোল্যা (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেন। তিনি একই গ্রামের মৃত মাজেদ মোল্যার ছেলে।
রাত সোয়া ১০টার দিকে উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই অলক কুমার দে শহরতলীর বিরামপুর ফকিরার মোড় এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ আনিচুর রহমান (২১) নামে এক যুবককে আটক করেন। তিনি মাগুরার শালিখা উপজেলার উত্তর শরশুনা গ্রামের নুর ইসলামের ছেলে। বর্তমানে বিরামপুর ফকিরার মোড় এলাকায় ভাড়া বাসায় থাকেন। রাত ১টার দিকে কোতোয়ালি থানার এসআই মেহেদী হাসান শহরের বকচর প্রাইমারি স্কুল এলাকায় অভিযান চালিয়ে একটি চাইনিজ কুড়ালসহ সালাম বিশ্বাস (৩০) নামে এক যুবককে আটক করেন। তিনি একই এলাকার সামাদ বিশ্বাসের ছেলে।
সোমবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মদন মোহন সাহার নেতৃত্বে একটি দল শহরের পুরাতন কসবা রায়পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ ছাদিকুর রহমান সুমন (৪১) নামে এক ব্যক্তিকে আটক করে। তিনি একই এলাকার মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে।
এদিকে, রোববার দুপুর আড়াইটার দিকে কোতোয়ালি থানার এসআই আলমগীর হোসেন শহরের রেলগেট এলাকায় অভিযান চালিয়ে দুই যুবককে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে দুটি চাকু, নগদ ৯২ হাজার ৮০০ টাকা, একটি স্কুটি ও একটি নম্বরবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটকরা হলেন শহরের ষষ্ঠীতলার জামাল হোসেনের ছেলে আরাফাত হোসেন (২৫) এবং ডিয়ার মাঝির ছেলে ইমন মাঝি (২০)।
এছাড়া রোববার সন্ধ্যা ৭টার দিকে কোতোয়ালি থানার এসআই আল আমিন হোসেন শহরের বারান্দীপাড়া আমিনিয়া আলিয়া মাদ্রাসা এলাকায় অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবাসহ কেরামত আলী (৬০) নামে এক ব্যক্তিকে আটক করেন। তিনি বারান্দীপাড়া কদমতলা এলাকার মৃত ইবাদ আলীর ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে মাদকসহ মোট ছয়টি মামলা রয়েছে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply