নড়াইল, ২ জুলাই ২০২৬: নড়াইলের নড়াগাতী থানার নলামারা গ্রামে গভীর রাতে এক শিক্ষক দম্পতির বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের হামলায় শিক্ষক সুনীল চন্দ্র বেপারী গুরুতর আহত হন এবং তাঁর স্ত্রী কল্যাণী রানী সরকারও আহত হন। ঘটনাটি এলাকায় আতঙ্কের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার (৩০ জুন) দিবাগত গভীর রাতে ৭ থেকে ৮ জনের একটি সশস্ত্র ডাকাত দল নলামারা গ্রামের মৃত বিষ্ণু চরণ বেপারীর ছেলে সুনীল চন্দ্র বেপারী ও বৃন্দাবন চন্দ্র বেপারীর যৌথ বাড়ির দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন এবং স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে।
অভিযোগ রয়েছে, ডাকাতদের বাধা দিতে গেলে বাগুডাঙ্গা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সুনীল চন্দ্র বেপারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। স্বামীকে রক্ষা করতে এগিয়ে গেলে তাঁর স্ত্রী কল্যাণী রানী সরকারও হামলার শিকার হন। পরে রক্তাক্ত অবস্থায় সুনীল চন্দ্র বেপারীকে উদ্ধার করে গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর স্ত্রী স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ঘটনার খবর পেয়ে নড়াগাতী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ডাকাতি ও হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।
এদিকে, এ ঘটনার পর নলামারা গ্রামসহ আশপাশের এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দা এবং সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ দোষীদের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং সকল নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
Leave a Reply