গ্লোবাল টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি ওবায়দুল ইসলাম অভিকে হেফাজতে নিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল তাকে আটক করে কোতোয়ালি থানায় হস্তান্তর করে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি যশোরের কয়েকজন জ্যেষ্ঠ সাংবাদিককে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ ভিডিও প্রকাশের অভিযোগ ওঠে। এ ঘটনায় বিভিন্ন সাংবাদিক নেতা অভিযোগ দেওয়ার পরিপ্রেক্ষিতে তাকে হেফাজতে নেওয়া হয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে যশোরের কয়েকজন জ্যেষ্ঠ সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে যশোর প্রেসক্লাব, সংবাদপত্র পরিষদসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ থানায় অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের অগ্রগতি সম্পর্কে রাতে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, এর আগে ওবায়দুল ইসলাম অভির বিরুদ্ধে গ্লোবাল টেলিভিশনের ফেসবুক পেজে যশোরের একটি সংবাদ প্রচারের সময় হত্যার হুমকির কথোপকথনের সঙ্গে একজন ব্যক্তির ছবির পরিবর্তে একজন বিশিষ্ট ব্যবসায়ীর ছবি ব্যবহার করার অভিযোগ ওঠে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার সৃষ্টি হয়। পরে তিনি ভুল স্বীকার করেন এবং সংশ্লিষ্ট ভিডিওটি গ্লোবাল টেলিভিশনের ফেসবুক পেজ থেকে সরিয়ে ফেলা হয়। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে
Leave a Reply