ময়মনসিংহের আঁধারে একটি সার্বজনীন কালী মন্দিরে মধ্যরাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত ২৫ জুন বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টা থেকে ভোর ৪টার মধ্যে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের নাথপাড়ায় অবস্থিত স্বর্গীয় মনমোহন দেবনাথের বাড়ির সার্বজনীন শ্রী শ্রী কালী মন্দিরে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দুর্বৃত্তরা গভীর রাতে মন্দিরে প্রবেশ করে দেব-বিগ্রহ ও আসবাবপত্র ভাঙচুর করে এবং মন্দিরে থাকা মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। শুক্রবার (২৬ জুন) ভোরে স্থানীয়রা মন্দিরের ক্ষতিগ্রস্ত অবস্থা দেখতে পেয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সনাতন ধর্মাবলম্বী ও স্থানীয় বাসিন্দারা মন্দির প্রাঙ্গণে জড়ো হয়ে ঘটনার প্রতিবাদ জানান।
ঘটনার নিন্দা জানিয়ে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের ময়মনসিংহ জেলা শাখা এক বিবৃতিতে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। সংগঠনটির নেতারা বলেন, ভবিষ্যতে এ ধরনের হামলা ও সাম্প্রদায়িক উসকানিমূলক ঘটনা প্রতিরোধে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
এদিকে স্থানীয় বাসিন্দারা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে ঘটনার সুষ্ঠু তদন্ত, অপরাধীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় প্রশাসনের নজরদারি জোরদারেরও আহ্বান জানানো হয়েছে।
Leave a Reply