ঢাকা প্রতিনিধি:
ধর্মীয় স্বাধীনতা, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং গাইবান্ধার পলাশবাড়ীতে শ্রী রাম ও ভগবান বিষ্ণুর মূর্তি নির্মাণ সংক্রান্ত বিষয়ে সাংবিধানিক অধিকার নিশ্চিত করার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছে ঐক্যবদ্ধ সনাতনী সমাজ বাংলাদেশ।
স্মারকলিপিতে সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের সংবিধান সকল নাগরিককে সমান অধিকার ও ধর্মীয় স্বাধীনতা প্রদান করেছে। একইসঙ্গে জাতিসংঘের মানবাধিকার ঘোষণাপত্র অনুযায়ী ধর্ম, বিশ্বাস ও পরিচয়ের ভিত্তিতে কোনো ধরনের বৈষম্য গ্রহণযোগ্য নয়।
স্মারকলিপিতে গাইবান্ধার পলাশবাড়ীতে ভগবান শ্রী রামচন্দ্র ও ভগবান বিষ্ণুর মূর্তি নির্মাণকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি এবং ভগবান শ্রী রামচন্দ্রের প্রতিকৃতির অবমাননার অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সংগঠনটির দাবি, এ ধরনের ঘটনা কোটি কোটি সনাতন ধর্মাবলম্বীর ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।
এছাড়া দেশের বিভিন্ন স্থানে গুম, খুন, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি ও সহিংসতার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বৃদ্ধি পেয়েছে বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও ধর্মীয় অধিকার রক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপ কামনা করা হয়।
স্মারকলিপিতে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে—ভগবান শ্রী রামচন্দ্রের প্রতিকৃতিতে অবমাননাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, পলাশবাড়ীতে শ্রী রাম ও ভগবান বিষ্ণুর মূর্তি নির্মাণ বিষয়ে ন্যায়সঙ্গত সমাধান নিশ্চিত করা, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা জোরদার করা, অপরাধ দমনে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং সকল ধর্ম-বর্ণের নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করা।
সংগঠনটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সরকারের কার্যকর উদ্যোগে দেশে শান্তি, সম্প্রীতি, আইনের শাসন ও সকল নাগরিকের নিরাপদ সহাবস্থান আরও সুদৃঢ় হবে।
উক্ত স্মারক লিপি প্রদানে সময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিনিধিবৃন্দ: প্রদীপ কান্তি দে, প্রসেনজিত কুমার হালদার, পিযুস দাস, সজীব সরকার।
Leave a Reply