1. admin@sanataninews24.com : admin :
       
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদের শিরোনাম

ক্রিকেটার নাঈমকে হেনস্থার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার, পুলিশ লাইন্সে সংযুক্ত

  • প্রকাশিত সময় রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১১ বার পড়েছেন

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হেনস্থার ঘটনায় শেষ পর্যন্ত খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (১৩ জুন) রাতে তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
একই সঙ্গে খুলশী থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে। অন্যদিকে বাকলিয়া থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে সিটিএসবির পরিদর্শক জাহেদুল কবিরকে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক অফিস আদেশে এ রদবদল করা হয়।
এর আগে শনিবার বিকেলে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নাঈম হাসান শুক্রবার রাতের ঘটনার বর্ণনা দিতে গিয়ে খুলশী থানার ওসির বিরুদ্ধেও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তোলেন।
নাঈম বলেন, থানায় নিয়ে যাওয়ার পর নিজের পরিচয় দেওয়ার পরও ওসি আরিফুর রহমান তাকে বলেন, “চোখ নিচে নামিয়ে কথা বল।” তবে কিছুক্ষণ পর একটি ফোনকল পাওয়ার পর তার আচরণ বদলে যায় এবং তিনি বলেন, “ভাইয়া, আপনি বসেন।”
নাঈমের দাবি, পুলিশ চাইলে নিয়ম অনুযায়ী তাকে থামিয়ে ব্যাগ তল্লাশি করতে পারত। কিন্তু কোনো তল্লাশি ছাড়াই তাকে সিএনজি অটোরিকশা থেকে নামিয়ে এক পুলিশ সদস্য গলা চেপে ধরে থানায় নিয়ে যায়। পরে থানায় পরিচয় দেওয়ার পরও তিনি সম্মানজনক আচরণ পাননি বলে অভিযোগ করেন।
এ সময় ঘটনার রাতে পাশে দাঁড়ানো সাধারণ মানুষের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন জাতীয় দলের এই ক্রিকেটার। তিনি বলেন, আশপাশের মানুষ এগিয়ে না এলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত।
তবে ওসি আরিফুর রহমান শুরু থেকেই নিজেকে এ ঘটনার দায়মুক্ত দাবি করে আসছিলেন। তার বক্তব্য ছিল, এসআই শফিকুলের নেতৃত্বাধীন টহল দল তাকে না জানিয়েই নাঈম হাসানকে মারধর ও হেনস্থা করে। নাঈম পরিচয় দেওয়ার পর তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন এবং তাকে থানা থেকে বিদায় দেন।
তবে ওসির এই ব্যাখ্যা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গ্রহণ করেনি। পুলিশ কমিশনারের নির্দেশে শেষ পর্যন্ত তাকেও প্রত্যাহার করা হয়। এর আগে এ ঘটনায় এসআই শফিকুলসহ তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছিল এবং দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়।
উল্লেখ্য, শুক্রবার গভীর রাতে বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে ডিবি পুলিশ পরিচয়ে খুলশী থানা পুলিশের একটি টহল দল জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে আটক করে মারধর ও হেনস্থা করে বলে অভিযোগ ওঠে। এ সময় পুলিশের এক সোর্সও তার সঙ্গে অসদাচরণ করেন বলে অভিযোগ করেছেন নাঈম।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host