এসএসসি পরীক্ষা কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের গালাগাল ও মারধরের অভিযোগ উঠেছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক মো. আশরাফ শেখের বিরুদ্ধে। এ সময় শিক্ষার্থীদের তোপের মুখে থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে ওই নেতাকে।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০টার দিকে ভাঙ্গা কাজী শামসুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
অভিভাবক ও কয়েকজন আহত শিক্ষার্থীদের অভিযোগ, সকালে ব্যবহারিক পরীক্ষা শুরুর আগেই আশরাফ শেখ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন। তার হবু স্ত্রী ওই কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিল। অভিযোগ রয়েছে, তিনি বিভিন্ন পরীক্ষায় কেন্দ্রে প্রবেশ করে তাকে নানাভাবে সহায়তা করে আসছিলেন। বৃহস্পতিবারও ব্যবহারিক পরীক্ষা চলাকালে তিনি তার হবু স্ত্রীকে সহায়তা করার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।
এসময় একই কক্ষে পরীক্ষা দিচ্ছিল বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাজিদ ইসলামসহ কয়েকজন। তারা বিষয়টির প্রতিবাদ করলে আশরাফ শেখ নিজেকে রাজনৈতিক নেতা হিসেবে পরিচয় দিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করেন। একপর্যায়ে তাদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয় এবং শিক্ষার্থীদের গালাগাল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
এর প্রতিবাদে শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে কক্ষ থেকে বেরিয়ে আসে এবং বিক্ষোভ শুরু করে। পরে তারা আশরাফ শেখকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তিনি দৌড়ে কেন্দ্র সচিবের কক্ষে আশ্রয় নেন। এসময় পরিস্থিতি শান্ত করতে গিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্তসহ কয়েকজন আহত হন।
ভাঙ্গা কাজী শামসুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্ত গণমাধ্যমকে বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে আশরাফ শেখের বাকবিতণ্ডার একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ইটের আঘাতে আমি আহত হই। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।’
এ বিষয়ে বক্তব্য জানতে এনসিপি নেতা আশরাফ শেখের সঙ্গে মোবাইলফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অবরুদ্ধ অবস্থায় থাকা আশরাফ শেখকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
Leave a Reply