যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া এলাকায় অচেতন অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামিদ বিশ্বাস (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) রাত ১২:৩০ মিনিটের দিকে যশোর জেনারেল হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত হামিদ বিশ্বাস যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের আকবার বিশ্বাসের ছেলে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (৮ জুন) রাত ৯:০০টার দিকে পাঁচবাড়িয়া স্কুল মাঠে হামিদ বিশ্বাসকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন শুকুর নামের এক ভ্যানচালক। পরে তিনি তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসা দেওয়ার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি মডেল থানা পুলিশ জানায়, পরবর্তী আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্তের কার্যক্রম সম্পন্ন করার জন্য মরদেহটি বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
Leave a Reply