যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের বসুন্তিয়া গ্রামে কবি ও নাট্যকার বিশ্বজিৎ ঘোষের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, চোরেরা নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামালসহ প্রায় তিন লাখ টাকার সম্পদ চুরি করে নিয়ে গেছে।
রোববার (১৭ মে) গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় বাড়িতে পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না। এ সুযোগে দুর্বৃত্তরা বাড়ির জানালার গ্রিল কেটে এবং দেয়াল ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। পরে তারা আলমারি, ড্রয়ার ও বাক্স ভেঙে ঘরের বিভিন্ন জিনিসপত্র তছনছ করে ফেলে রাখে।
ভুক্তভোগীদের অভিযোগ, ঘর থেকে নগদ অর্থ, স্বর্ণের কানের দুল, চুড়িসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি হয়েছে। এছাড়া শাড়ি, কাপড়-চোপড় ও অন্যান্য জিনিসপত্র এলোমেলো অবস্থায় পাওয়া যায়।
পরিবারের সদস্যরা জানান, গত বছরের ৫ আগস্টের পর একই বাড়িতে আরও একবার চুরির ঘটনা ঘটেছিল। পরপর একাধিক চুরির ঘটনায় পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে। তবে পুলিশের প্রতি অনাস্থা ও ক্ষোভের কারণে এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
এ বিষয়ে কবি ও নাট্যকার বিশ্বজিৎ ঘোষ মুঠোফোনে বলেন, “চাকরির কারণে আমি বাইরে থাকি। আমি অসুস্থ থাকায় বিস্তারিত বলার মতো অবস্থায় নেই। খবর পেয়ে বাড়িতে গিয়ে ভাঙা জানালার গ্রিল ও দরজা কোনোভাবে ঠিক করেছি। ঘরের সব জিনিসপত্র তছনছ অবস্থায় পড়ে আছে। বারবার চুরির ঘটনায় আতঙ্কে আছি।”
কেশবপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) রোকসানা খাতুন বলেন, “আমি সম্প্রতি থানায় যোগদান করেছি। চুরির বিষয়টি এখনো কেউ আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
Leave a Reply