চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় খালার বাড়ি থেকে খালাতো বোনের বাসায় যাওয়ার পথে এক তরুণীকে (১৮) দুই দফায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (২ মে) রাতে চারজনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
অভিযুক্তরা হলেন—রায়পুর ইউনিয়নের ময়না গাজীর বাড়ির আব্দুল মান্নানের ছেলে আবু তাহের (৪২), পূর্ব গহিরা নতুন বাড়ির আব্দুর নূরের ছেলে রবিউল হোসেন ওরফে চুমকিয়া (২৪), পূর্ব গহিরা হাড়িয়া পাড়া এলাকার আজিজুল হকের ছেলে মো. ফারুক (২৩) এবং একই এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে আনোয়ার হোসাইন (২২)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার (২৭ এপ্রিল) রাত ১০টার দিকে ওই তরুণী খালার বাড়ি থেকে খালাতো বোনের বাসার উদ্দেশ্যে রওনা দেন। পথে ১ নম্বর আসামি আবু তাহেরের মুদি দোকানের সামনে পৌঁছালে তাকে জোরপূর্বক দোকানের ভেতরে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত তাকে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে।
পরবর্তীতে ভোর ৪টার দিকে স্থানীয় আরও তিন যুবক—রবিউল হোসেন (চুমকিয়া), মো. ফারুক ও আনোয়ার হোসাইন—ঘটনাটি জানতে পেরে ভুক্তভোগীকে তাদের কাছে নিয়ে যায়। পরে তাকে ভয়ভীতি দেখিয়ে পাশের একটি বিলে নিয়ে গিয়ে ভোর ৫টা পর্যন্ত পালাক্রমে ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরদিন সকালে ভুক্তভোগী বাড়িতে ফিরে মাকে বিষয়টি জানান। পরে শনিবার সকালে তার মা বাদী হয়ে আনোয়ারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।
Leave a Reply