সনাতনী নিউজ ডেস্ক
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার রনগাঁও ইউনিয়নের উত্তর বাসুদেবপুর (বেলডাঙ্গী) গ্রামে অবস্থিত একটি প্রাচীন শ্রীশ্রী বিষ্ণু মন্দিরে গভীর রাতে সংঘটিত চুরির ঘটনায় স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
রবিবার (২৭ এপ্রিল ২০২৬) দিবাগত রাতে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে মন্দিরে প্রবেশ করে। মন্দিরটির সেবায়েত ডকুরু দেব শর্মা জানান, রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে চোরচক্র প্রথমে মন্দিরের প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে ঢোকে। এরপর তারা মন্দিরের ভেতরে থাকা দেবমূর্তি ও পূজার সামগ্রীর সংরক্ষণস্থলে তছনছ চালায়।
চুরির ঘটনায় আনুমানিক ১ ভরি স্বর্ণ, ১০ থেকে ১৫ ভরি রৌপ্য, একটি কাঁশি, একটি কাসার বাটি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পূজার উপকরণ নিয়ে যায় দুর্বৃত্তরা। এসব সামগ্রী শুধু আর্থিক দিক থেকেই মূল্যবান নয়, বরং ধর্মীয় আচার-অনুষ্ঠানের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান স্থানীয় ভক্তরা।
সোমবার সকালে নিয়মিত পূজা দিতে এসে স্থানীয়রা মন্দিরের ভাঙা তালা দেখতে পান। পরে ভেতরে ঢুকে চুরির বিষয়টি নিশ্চিত হলে খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। অনেকেই এ ঘটনাকে ধর্মীয় স্থানের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে দেখছেন।
স্থানীয়রা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় মন্দিরে চুরি ও ভাঙচুরের ঘটনা বেড়ে যাওয়ায় তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। তারা দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং মন্দিরে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্ত করতে কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এদিকে, ধর্মীয় সম্প্রীতি রক্ষায় এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।
Leave a Reply